বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার নীতিগতভাবে সম্মতি দিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক কবে থেকে শুরু হবে বা কত সময়ের মধ্যে শেষ হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও প্রথম ধাপে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। তিনি এই সিদ্ধান্তকে রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে আসছিল। তবে দুই দেশের মধ্যকার সুসম্পর্কের কারণে তারা মালয়েশিয়া থেকে প্রথম ধাপে ৫ হাজার এবং একইভাবে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে গ্রহণে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারে সংঘাত ও নিপীড়নের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছেন। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের সামনে শতাধিক রোহিঙ্গা জড়ো হওয়ার পর তাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-এর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।