গাজীপুরের শ্রীপুরে একই রাতে দুটি গুরুত্বপূর্ণ এলাকায় পাঁচ মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনের সড়ক এবং মাওনা চৌরাস্তা উড়ালসেতুতে শনিবার (২৮ নভেম্বর) রাতে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ও সরকারি আবাসিক এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের সামনের সড়কে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। এর ঠিক পাঁচ মিনিট পর রাত সাড়ে ১০টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে আরও দুটি ককটেল নিচে নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল সেতুর পূর্ব পাশে শ্রীপুর সড়কসংলগ্ন এলাকা এবং অন্যটি পশ্চিম পাশে মাওনা-কালিয়াকৈর সড়কসংলগ্ন এলাকায় বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের বাসিন্দা, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকে নিরাপদ স্থানে সরে যান।
ঘটনার সময় ইউএনওর সরকারি বাসভবনের দোতলায় অবস্থান করছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা। তিনি জানান, রাত ১০টা ২৫ মিনিটে বিকট শব্দ শুনে তিনি বাইরে এসে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন। বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য ধরা পড়লেও জড়িতদের পরিচয় এখনো স্পষ্ট হয়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি আশপাশের অন্যান্য ক্যামেরার ফুটেজও পরীক্ষা করে দেখছে প্রশাসন।
অন্যদিকে মাওনা চৌরাস্তার ব্যবসায়ীরা জানান, উড়ালসেতুর ওপর থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছিল। ব্যস্ত এই বাণিজ্যিক এলাকায় পরপর বিকট বিস্ফোরণের পর জনমনে নানান প্রশ্ন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে থানা এলাকায় সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং না করার নির্দেশনা দিয়েছে হাইওয়ে থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্দেশ অমান্য করে মহাসড়কের পাশে গাড়ি পার্কিং করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে অল্প সময়ের ব্যবধানে ও দুটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনায় কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তি জড়িত কি না, অথবা এর পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য আছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের টিম ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

