পরাজিত শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং হত্যার রাজনীতি থেকে সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশে অবস্থান করে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইন্ধন জোগাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো হত্যা ও রক্তপাতের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরা।
দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মী হত্যার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুইজন, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের একজন, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের একজন এবং জাসাসের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। এই প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে বলে তিনি দাবি করেন।
পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন প্রচারণাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ হিসেবে অভিহিত করেন রিজভী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও মজুরির বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। এরপরও ব্যবসা-বাণিজ্য অন্যত্র চলে যাচ্ছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সরকারের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের দোসররা প্রশাসন ও গণমাধ্যমে অবস্থান নিয়ে বর্তমান সরকারের জনমুখী কর্মকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তবে বিগত সরকারের আমলে নির্যাতন ও আত্মগোপনে থাকার সময় যেসব সাংবাদিক বিএনপির বক্তব্য প্রচার করেছিলেন, তাদের অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র শক্তিশালী করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১লা ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়ের মাসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। রিজভী জানান, ওইদিন বেলা ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যেই সমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যৌথসভা ও সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ আবদুস সালাম, শফিকুল ইসলাম মিল্টন, এস এম জাহাঙ্গীর ও হামিদুর রহমান হামিদ উপস্থিত ছিলেন।

