আগামী এক বছরে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা

দেশের প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। এই বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা নিশ্চিত করতে আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪টি জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’-এর আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কিডনি রোগে আক্রান্ত অনেকেরই এই রোগের দীর্ঘমেয়াদি ভয়াবহতা সম্পর্কে ধারণা নেই। এই পরিস্থিতি মোকাবেলায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় কিডনি রোগ শনাক্তকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়নে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

তিনি আরও জানান, সারা দেশে কিডনি চিকিৎসার প্রসারে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় ইতোমধ্যে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। ড. এম এ মুহিত জোর দিয়ে বলেন, কিডনি রোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ—এই তিন ধরনের রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।