আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান। এই কঠোর নির্দেশনার আওতায় হাসপাতালের নথিপত্র এবং চিকিৎসার ব্যবস্থাপত্রও অন্তর্ভুক্ত রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদন অনুযায়ী, সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের নারীদের নাম ধরে সম্বোধন না করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে নারীদের পরিচয় দিতে কোথাও ‘বিবি’, আবার কোথাও ‘ছাগল’ বা ‘গরু’র মতো শব্দ ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।
আফগান অধিকারকর্মী লালা ওসমানি এই চর্চাকে নারীদের মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন। তিনি এল পাইসকে জানান, একজন মানুষের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার প্রথম ধাপ হলো তার নাম মুছে ফেলা। ওসমানি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, স্বাস্থ্যসেবার নথিতে নাম ব্যবহার না করার ফলে রোগী শনাক্তকরণে বিভ্রান্তি তৈরি হতে পারে, যা ভুল চিকিৎসা বা ভুল ওষুধ প্রয়োগের ঝুঁকি বাড়িয়ে তুলবে।
লালা ওসমানি ২০১৭ সালে ‘হোয়্যার ইজ মাই নেম’ নামে একটি প্রচারাভিযান শুরু করেছিলেন, যার লক্ষ্য ছিল জন্মসনদসহ সরকারি নথিতে মায়ের নাম যুক্ত করা। সেই আন্দোলনের প্রেক্ষিতে ২০২০ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানে জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল। তবে ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবরের আশঙ্কা, বালখ প্রদেশে শুরু হওয়া এই নির্দেশনা শেষ পর্যন্ত সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। এর আগে তালেবান বিভিন্ন স্থানীয় বিধিনিষেধ পরবর্তীতে দেশজুড়ে কার্যকর করার নজির তৈরি করেছে। স্পেনে নির্বাসিত সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতাও এই পরিচয়সংকটের ভয়াবহতা তুলে ধরেছে। তিনি সন্তানদের জন্মসনদে মা হিসেবে নিজের নাম না থাকায় আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন। ওসমানির মতে, বর্তমান আফগানিস্তানে একজন নারীকে তার আসল নামে ডাকাও এখন একধরনের প্রতিরোধে পরিণত হয়েছে। এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের বিধিনিষেধ আফগান নারীদের ব্যক্তিগত পরিচয় প্রতিষ্ঠা, অধিকার আদায় এবং জরুরি সেবা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে।

