যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বিপরীত পাশে অবস্থিত চার্চ সেন্টার ফর দ্য ইউনাইটেড নেশনসে (৭৭৭ ইউনাইটেড নেশনস প্লাজা) গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ সম্পর্কিত এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশ : গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণ ও আইনের শাসন’। আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইসিডিএইচআরএস) এ সম্মেলনের আয়োজন করে। এটি জাতিসংঘের নিজস্ব অনুষ্ঠান না হলেও জাতিসংঘের অদূরে একটি ভাড়া করা মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যদিও তাঁর যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সেখানে উপস্থিত ছিলেন। আয়োজনের অন্যতম প্রধান বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুনিয়র। অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, ভোটাধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক উত্তরণের নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বিস্তারিতভাবে উঠে আসে।
বক্তব্যের সূচনায় হ্যারি টমাস বাংলাদেশের মানুষের সঙ্গে নিজের সম্পর্কের আবেগপূর্ণ স্মৃতি স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনপ্রিয় গান ‘আমরা করব জয়’ মূলত মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের গান ‘উই শ্যাল ওভারকাম’-এর বাংলা রূপান্তর, যা দুই দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও আশার প্রতীক। এ ধরনের মূল্যবোধ স্মরণ করিয়ে দেওয়ার পর তিনি স্পষ্ট জানান, বহুদলীয় গণতন্ত্র কখনোই কোনো রাষ্ট্রের ওপর বাইর থেকে চাপিয়ে দেওয়া যায় না; দেশের জনগণকেই এটি বেছে নিতে হয়। বাংলাদেশের মানুষ সাম্প্রতিক নির্বাচনে সেই গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক কাঠামো সচল রাখতে নির্বাচিত সরকারের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি জবাবদিহি ও বিকল্প দিকনির্দেশনা বজায় রাখতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকাও অপরিহার্য।
২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে সাবেক এই মার্কিন কূটনীতিক বলেন, সাধারণত বিশ্বের অন্যান্য দেশ বিশ বছরে যে পরিবর্তনের মধ্য দিয়ে যায়, বাংলাদেশ মাত্র দুই বছরে তার চেয়ে বেশি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছে। তিনি জানান, ওই অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের গ্রীষ্মে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে, যাদের একটি বড় অংশ নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। তিনি একই সঙ্গে ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও ৮ জন সদস্যের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন। হ্যারি টমাস মন্তব্য করেন, প্রতিটি মৃত্যুর পেছনেই এক একটি পরিবার ও মানুষের গল্প রয়েছে, তাই মানবাধিকার রক্ষায় কোনো পক্ষের সহিংসতা ও প্রাণহানিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
বক্তব্যে তিনি রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদ ও নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় ছাদ থেকে পড়া শিশুটির কথা বিশেষভাবে স্মরণ করেন। টমাসের মতে, এই আত্মত্যাগের বিনিময়েই আজ বাংলাদেশ নতুন করে গণতন্ত্র চর্চার সুযোগ পেয়েছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আয়োজিত গত ফেব্রুয়ারির নির্বাচনের প্রেক্ষাপট টেনে তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে এবং ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমান দেশে ফিরেছেন। ভোটের ফলাফল নিয়ে মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজিরকে স্বীকৃতি দেওয়া উচিত বলে তিনি মত দেন। তিনি আশা প্রকাশ করেন যেন নতুন প্রধানমন্ত্রী সফলভাবে দেশ পরিচালনা করতে পারেন এবং বিরোধী দলও সংসদে কার্যকর ভূমিকা রাখে।
দেশের রাজনীতিতে চরম বিভাজনের বিষয়েও সতর্ক করেন হ্যারি টমাস। বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মধ্যে চলমান পুরনো দ্বন্দ্বের প্রসঙ্গ এনে তিনি কবি কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করেন। তিনি আহ্বান জানান, যেন রাজনৈতিক হানাহানি দেশের ভবিষ্যৎ উন্নয়নকে বাধাগ্রস্ত না করে। তবে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি মতামত ব্যক্ত করেন। হিউম্যান রাইটস ওয়াচের তথ্যের বরাতে তিনি বিএনপি সরকারের আমলেও বিরোধীদের ঢালাও আটক এবং মানবাধিকার সুরক্ষার দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালের নিহতদের বিচারে সংবিধান ও তথ্যের সত্যতা অনুসরণ করতে হবে; সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক রাখা ন্যায়বিচারের পরিপন্থী।
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে সাবেক এই রাষ্ট্রদূত উচ্চ মূল্যস্ফীতি, দারিদ্র্য, ব্যাংক খাতের অস্থিরতা এবং রাজস্ব আদায়ের দুর্বলতার কথা বলেন। তিনি বিশেষ করে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি সুনিশ্চিত করা এবং মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেন। দমনমূলক ব্যবস্থার বদলে আলোচনার মাধ্যমে শ্রমবিরোধ মিটমাট করার পরামর্শ দেন তিনি।
এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা ২০২৬ সালের ২৪ নভেম্বর থেকে পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর নির্ধারণ করাকে তিনি দেশের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে আখ্যা দেন। ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭৭-এর সমর্থন নিয়ে পাওয়া এই অতিরিক্ত তিন বছর সময়কে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। শেষভাগে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তির আওতায় বেশিরভাগ পণ্যে ১৯ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে এবং মার্কিন তুলা বা তন্তু দিয়ে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা মিলেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির পুনঃযোগ্যতা অর্জন সরকারের জন্য জ্বালানি, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক বিনিয়োগের বড় দুয়ার খুলে দিয়েছে।

