গাজীপুরের কারখানায় উৎপাদন শুরু, বন্ধ ৩৫টি

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিনের ছুটির পর গাজীপুরের শিল্পকারখানাগুলোতে আবারো উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে দলে দলে তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অধিকাংশ কারখানায় এখন পুরোদমে কাজ চলছে। তবে শিল্প পুলিশ জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজ চালু হয়নি।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরের বেশিরভাগ কারখানা আজ খোলা রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল থেকে কোনো ধরনের আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। তিনি নিশ্চিত করেছেন যে, কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে শুরু হলেও যে ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল, সেগুলো এখনো বন্ধই রয়েছে।

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ী, বাংলাবাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর এবং শ্রীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় কাজের স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।

কারখানায় কাজে ফেরা শ্রমিক অহেদুল ইসলাম বলেন, বুধবার থেকে টানা তিন দিনের ছুটি ছিল। আজ কারখানা খোলার পর আমরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছি। টানা আন্দোলনের ফলে মালিকপক্ষ ও শ্রমিক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবলাইম কারখানার নারী শ্রমিক ইতি আক্তার জানান, বেতন কিছুটা বাড়ায় শ্রমিকদের উপকার হয়েছে। তিনি বলেন, পেটের দায়েই আন্দোলন করতে হয়েছিল, কয়েক দিন কারখানা বন্ধ থাকায় খারাপ লেগেছে কিন্তু এখন কাজে ফিরে স্বস্তি পাচ্ছেন।