ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬। এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রায় ৫ হাজার দৌড়বিদ তিনটি ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি) গেট থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে সাজানো হয়েছিল। ভোর ৫টায় ২১ দশমিক ৫ কিলোমিটারের হাফ ম্যারাথনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ভোর সাড়ে ৫টায় ১০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটারের দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
প্রতিযোগিতা শেষে তিন ক্যাটাগরির অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল বিতরণ করা হয়। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন প্রতিটি ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে সেরা ১০ জন করে মোট ৩০ জনকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবশেষে একটি র্যাফেল ড্র আয়োজনের মধ্য দিয়ে ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

