কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌরাত্ম্যে নিজেদের সৃজনশীল কাজ ও জীবিকা হারানোর আশঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ছেড়ে দিচ্ছেন বহু শিল্পী। মেটার প্রস্তাবিত নতুন সেবার শর্তাবলি নিয়ে তৈরি হওয়া উদ্বেগ এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে। শিল্পীদের আশঙ্কা, তাদের আগাম অনুমতি ছাড়া পোর্টফোলিও, ছবি, ভিডিও ও অন্যান্য সৃজনশীল কাজ সংগ্রহ করে জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে। পরবর্তীতে সেই প্রযুক্তির সাহায্যে তাদের কাজের অবিকল অনুকরণ বা বিকল্প তৈরি হলে তা মূল শিল্পীদের আয়ের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
শিল্পীদের উদ্বেগের প্রধান উৎস হলো মেটার প্রস্তাবিত সেবার শর্তাবলি। এসব শর্ত কার্যকর হলে স্বয়ংক্রিয় সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন বাহ্যিক ওয়েবসাইট থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করার পথ সুগম হবে। এর আওতায় শিল্পীদের ব্যক্তিগত পোর্টফোলিও, অনলাইন স্টোরের ঠিকানা এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের ব্যবসায়িক অ্যাকাউন্টের লিংকও রয়েছে। প্রস্তাবিত নীতিমালার নিয়মগুলো প্রথমে ৩০ অক্টোবর কার্যকর হওয়ার কথা ছিল, যা পরে পিছিয়ে ২০ নভেম্বর দিন ধার্য করা হয়। তবে তীব্র আলোচনার মুখে গত ৫ নভেম্বর মেটা জানায়, পরিবর্তনগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকছে। মেটার এক মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পাদন করতে সময় নেওয়া হচ্ছে। আপাতত বিদ্যমান শর্তাবলিই কার্যকর থাকবে বলে জানান তিনি।
তবে মেটা নীতিমালা স্থগিত করলেও শিল্পীদের মধ্যে বিরাজমান আস্থার সংকট দূর হয়নি। যুক্তরাজ্যের জলরঙশিল্পী ম্যাটি বার্নহ্যামের ঘটনাটি এর একটি বড় উদাহরণ। ২০২৪ সালে তিনি পিন্টারেস্টে এমন একটি অ্যাকাউন্ট দেখতে পান, যেখানে তাঁর জলরঙের ছবির এআই সংস্করণ তৈরি করে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। এগুলো প্রচার করা হচ্ছিল শপিফাইসহ ফেসবুক ও ইনস্টাগ্রামের ভুয়া প্রোফাইলে। বার্নহ্যাম খোঁজ নিয়ে দেখেন ভুয়া অ্যাকাউন্টটির অবস্থান ভিয়েতনামের হো চি মিন সিটিতে, যদিও নেপথ্যের ব্যক্তিদের পরিচয় মেলেনি। বার্নহ্যাম জানান, এআই দিয়ে তৈরি এসব প্রোফাইলের লাখ লাখ অনুসারী থাকে, যারা এগুলোকে আসল মনে করেন। সেখান থেকে ব্যবহারকারীদের এমন সব ওয়েবসাইটে নেওয়া হয় যেখানে বিজ্ঞাপন দেখানো হয়। শিল্পীদের সুরক্ষায় যুক্তরাজ্য সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, সরকার শিল্পীদের চেয়ে লাভজনক প্রযুক্তি স্টার্টআপগুলোকে ছাড় দিতেই বেশি আগ্রহী। তবে যুক্তরাজ্যের ডিজিটাল, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, তারা সৃজনশীল খাত ও এআই প্রতিষ্ঠান উভয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং দুই খাতের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
এমতাবস্থায় অনেকে স্থায়ীভাবে মেটার প্ল্যাটফর্মগুলো ত্যাগ করছেন, আবার কেউ পোস্ট দেওয়া বন্ধ রেখে প্যাট্রন ও সাবস্ট্যাকের মতো বিকল্প মাধ্যমে অনুসারীদের স্থানান্তর করছেন। যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায় অবস্থিত ‘কাউগার্ল আর্টিস্টস অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা মেগান উইম্বার্লি জানান, নতুন শর্তাবলি মেটার সঙ্গে শিল্পীদের বিশ্বাসের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে। শুধু শিল্পীদের কাজই নয়, সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি, ভিডিও ও অডিও এআই প্রশিক্ষণে ব্যবহার হতে পারে বলেও তিনি সতর্ক করেন। এ নীতিমালার প্রতিবাদে উইম্বার্লি ২২ অক্টোবর ‘মেটা ব্ল্যাকআউট’ নামে একটি প্রচারণার সূচনা করেন। এর আওতায় অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত শিল্পীরা মেটার প্ল্যাটফর্মে সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকে প্রতিবাদ জানান।
অন্যান্য পেশাদার শিল্পীরাও মেটার প্ল্যাটফর্ম থেকে নিজেদের গুটান নেওয়ার ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনের ‘ডাচার ফটোগ্রাফি’র সহমালিক সামান্থা ওয়ালড্রন সিএনএনকে জানান, চলতি মাসের শুরুতে তিনি তাঁর সব ব্যবসায়িক ও ব্যক্তিগত ফেসবুক পেজ মুছে ফেলেছেন। পাশাপাশি ইনস্টাগ্রামের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলোকে ব্যক্তিগত অ্যাকাউন্টে রূপান্তর করে অধিকাংশ পোস্ট ও বায়ো থেকে ওয়েবসাইট লিংক সরিয়ে নিয়েছেন। দ্য গিল্ড অব আর্টিস্টস অ্যান্ড আর্টিসানসের কর্মকর্তা নিকোল ম্যাককে জানান, এআই নীতিমালার পাশাপাশি মেটার রাজনৈতিক অবস্থান নিয়েও ক্ষুব্ধ হয়ে অনেক মার্কিন শিল্পী বিদায়বার্তা লিখে মেটা ছাড়ছেন।
এদিকে সরাসরি শৈল্পিক কাজ নকলের শিকার হচ্ছেন সমকালীন শিল্পীরা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টারভিত্তিক শিল্পী অ্যান্ড্রু স্কট জানান, গত সেপ্টেম্বরে তাঁর কাজ নকল করা এক এআই নির্মাতাকে তিনি বার্তা পাঠান। ওই নির্মাতা স্বীকার করেন যে স্কটের মৌলিক কাজ ব্যবহার করেই তিনি ভিডিও তৈরি করে ইনস্টাগ্রামে ছেড়েছেন, যা অন্তত পাঁচ কোটি ভিউ পেয়েছে। এতে অনেকেই নকলটিকেই আসল শিল্পকর্ম মনে করছেন। স্কট জানান, আপত্তি জানালেও ওই ব্যক্তি তাঁকে আনফলো করে এখনো এআই প্রম্পট দিয়ে নকল তৈরি চালিয়ে যাচ্ছেন। একইভাবে কানাডার মৃৎশিল্পী ন্যান্সি চেনও সামাজিক মাধ্যমে পণ্য তৈরির ভিডিও দেওয়া নিয়ে চিন্তিত। তাঁর আশঙ্কা, এসব ভিডিও এআই প্রশিক্ষণের উপকরণে পরিণত হতে পারে, যা থেকে বাঁচতে তিনি এখন নিখুঁত ছবি পোস্ট করা নিয়ে সতর্ক হয়ে উঠেছেন।

