যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, প্যারেড স্থগিত

যুক্তরাষ্ট্রজুড়ে আঘাত হানা শক্তিশালী ঝড়ের কারণে লাখ লাখ মানুষের থ্যাংকসগিভিং উৎসব উদযাপন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই ঝড়ের প্রভাবে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড নির্ধারিত দিনে আয়োজন করা সম্ভব হয়নি। ১০০ বছরের ইতিহাসে এই প্রথম নির্ধারিত দিনে প্যারেডটি স্থগিত করতে বাধ্য হলেন আয়োজকরা।

‘নরইস্টার’ নামে পরিচিত এই শক্তিশালী ঝড়ের প্রভাবে দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। এতে ছুটির মৌসুমে সড়ক ও আকাশপথে যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল এবং ২ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে, যার বেশিরভাগই পূর্বাঞ্চলে ঘটেছে।

বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজের তথ্যানুযায়ী, দেশজুড়ে ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরিল্যান্ডের কর্তৃপক্ষ পানি শোধনাগারের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় প্রায় ২০ লাখ গ্রাহককে কলের পানির ব্যবহার কমানোর অনুরোধ জানিয়েছে।

নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস প্যারেডটি অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর প্যারেড বাতিল হলেও, থ্যাংকসগিভিংয়ের দিনে এটি আগে কখনো বন্ধ রাখা হয়নি। প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস জানিয়েছেন, প্যারেড পিছিয়ে দেওয়ায় তারা মর্মাহত, তবে অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। অতীতে ১৯৯৭ সালে ঝোড়ো বাতাসে প্যারেডের একটি বিশাল বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক দর্শনার্থী অচেতন হয়ে পড়েছিলেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক গাছ উপড়ে বিদ্যুতের লাইন ও বাড়িঘরের ওপর পড়ার খবর পাওয়া গেছে। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বুধবার জরুরি অবস্থা ঘোষণা করে বাসিন্দাদের ইলেকট্রনিক যন্ত্রপাতির চার্জ রাখা ও ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া ক্যালিফোর্নিয়াতেও উপকূলে বিশাল ঢেউ আছড়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে এমন বিপর্যয়ের মধ্যেও অনেকে মোমবাতির আলোয় খাবার খেয়ে উৎসব পালনের চেষ্টা করেছেন।