উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তার সংগীতজীবনের ৬২ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় দুটি বিশেষ কনসার্টে যোগ দিতে যাচ্ছেন। প্রায় এক দশক পর দেশটির দর্শকদের সামনে সরাসরি গান পরিবেশন করবেন তিনি। এই সফরের অংশ হিসেবে মেলবোর্নে এটিই হবে তার প্রথম কোনো মঞ্চ পরিবেশনা।
আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের কনসার্টে রুনা লায়লা সংগীত পরিবেশন করবেন। এই আয়োজনে তার সঙ্গে থাকবে বেঙ্গল সিম্ফনি এবং শিল্পী পিন্টু ঘোষ। এরপর ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ অনুষ্ঠিত হবে। এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, অনেক বছর পর অস্ট্রেলিয়ায় আপনাদের গান শোনাতে আসছি। ১ আগস্ট সিডনিতে এবং ৮ আগস্ট মেলবোর্নে আপনাদের জন্য অনেক গান গাইব। অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে।
জানা গেছে, ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে সঙ্গে নিয়ে তিনি সিডনির উদ্দেশে রওনা হবেন। এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমবারের মতো একক সংগীতসন্ধ্যায় অংশ নিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের সাফল্যের পর এবার অস্ট্রেলিয়া প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের সামনে তার দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় গানগুলো পরিবেশনের অপেক্ষায় রয়েছেন বিশ্বজুড়ে সমাদৃত এই শিল্পী।

