ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলানের সঙ্গে জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছেন। বৃহস্পতিবার উভয় দলের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, যদিও দুই পক্ষ চুক্তিতে সম্মত হয়েছে, তবে এর নির্দিষ্ট শর্তাবলি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
এর আগে আইজেনকট ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গেও জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি জানিয়েছিলেন। ইসরাইলের সরকার গঠনের প্রক্রিয়া অনুযায়ী, এ ধরনের জোট চুক্তির মাধ্যমে বিভিন্ন দল পারস্পরিক সহযোগিতা, নীতিনির্ধারণ, আইন প্রণয়ন এবং পার্লামেন্টে ভোট প্রদানের বিষয়ে সমঝোতা করে থাকে।
আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের এই উদ্যোগে গঠিত 'চেঞ্জ ব্লক'-এ রয়েছে তার ইয়াশার পার্টি, লিবারম্যানের ইসরাইল বেইতেনু, নাফতালি বেনেটের টুগেদার পার্টি এবং গোলানের ডেমোক্র্যাটস পার্টি। ১২০ আসনের নেসেটে এই জোটের বর্তমান আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন প্রয়োজন।
অন্যদিকে, ১৯টি আসনের অধিকারী আরব দলগুলো জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠন থেকে বিরত রাখার লক্ষ্যে তারা আইজেনকটের নেতৃত্বাধীন সরকারকে পার্লামেন্টে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে। বর্তমানে সরকার গঠনের জন্য আইজেনকটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের কাছে আরো ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

