জয়পুরহাটে পুকুর থেকে ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে ৪২ কেজি ওজনের দুটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মূর্তিগুলোর আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীন হাটখোলা বিওপির সদস্যরা উপজেলার পূর্ব উচনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দুটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে পুকুরের পানির নিচ থেকে মূর্তি দুটি উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মূর্তিগুলোর একটির ওজন ২৫ কেজি এবং অন্যটির ওজন ১৭ কেজি। বিজিবির ধারণা, মূর্তিগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে পুকুরের তলদেশে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।