ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী বুধবার দাবি করেছে যে, তারা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরা তেল শোধনাগার এবং রাজধানী রিয়াদের আর্থিক এলাকায় সামরিক হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির ভাষ্যমতে, তেল শোধনাগারে হামলার ফলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি, রিয়াদের আর্থিক এলাকায় তারা তিন দফায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ রাস তানুরার আকাশে চারটি ড্রোন শনাক্ত করা হয়েছে। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ড্রোনগুলোকে সফলভাবে ভূপাতিত করেছে।
এদিকে, সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, মঙ্গলবার রিয়াদের আর্থিক এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনে হামলায় ১১ জন আহত হয়েছেন। এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি ছিল ওই ভবনের ওপর দ্বিতীয় হামলা। এর আগে ১৯ নভেম্বর একই ভবনে আরেকটি হামলা হয়েছিল, যাতে ভবনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত রাস তানুরা সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার। বিশাল শিল্প কমপ্লেক্সের অংশ হিসেবে পরিচিত এই স্থাপনাটি থেকে মূলত অপরিশোধিত তেল রপ্তানি করা হয়ে থাকে।

