চুয়াডাঙ্গার দর্শনা থানার গহেরপুর এলাকায় মাছের ঘেরের এক পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন (৫৩) গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে বদর উদ্দিন কামরিয়া বিলের মাছের ঘের পাহারা দিতে যান। বিলের ভেতরে অবস্থিত একটি কুঁড়েঘরে তিনি অবস্থান করছিলেন। রাতে সুযোগ বুঝে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত সেখানে হানা দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। বদর উদ্দিনের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরদিন বুধবার ভোরে স্থানীয়রা মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বদর উদ্দিনকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

