অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে দেশে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু

বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রভাবে প্রতিবছর প্রায় সোয়া লাখ মানুষের প্রাণহানি ঘটছে। একই সঙ্গে বহু রোগীকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে, যার ফলে স্বাভাবিকের তুলনায় চিকিৎসার ব্যয়ও অনেক বেড়ে যাচ্ছে। রাজধানীর বনানীর হোটেল সারিনায় সোমবার (২৩ নভেম্বর) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

কর্মশালায় বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, সরকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নানা বিধিসম্মত পদক্ষেপ গ্রহণ করছে। তবে কেবল জ্ঞান বৃদ্ধি বা সচেতনতামূলক বার্তা দিয়ে এই ভয়াবহ সংকট কাটানো সম্ভব নয়, এর জন্য চিকিৎসক ও রোগী উভয় পক্ষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি এবং তা কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও অনিয়ন্ত্রিত ব্যবহার ঠেকাতে সরকার দেশের স্বাস্থ্য খাতকে প্রযুক্তিভিত্তিক করতে ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এই ব্যবস্থার অধীনে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন চালু করা হবে, যার মাধ্যমে পুরো স্বাস্থ্যসেবা কার্যক্রমকে ডিজিটাল নজরদারির আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

পাশাপাশি সরকারি হাসপাতালের বিনামূল্যের ওষুধের অপচয় বন্ধ করা এবং প্রকৃত রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী সরকারি ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান ড. এম এ মুহিত। এছাড়া তিনি চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি পাঠ্যক্রমে আন্তর্জাতিক মানদণ্ড ও আধুনিক তথ্য অন্তর্ভুক্ত করার চলমান উদ্যোগকে সাধুবাদ জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণে চিকিৎসা, নার্সিং ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনাবিষয়ক এই কর্মশালার যৌথ আয়োজক ছিল সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিএমইর পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমানের সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।