শ্রীপুরে মান্দি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদ্‌যাপিত

গাজীপুরের শ্রীপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে মান্দি (গারো) জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা ২০২৬’। নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের এই উৎসবে গারো সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা তাদের নিজস্ব সংস্কৃতি, গান, কবিতা ও নৃত্যের মূর্ছনায় মেতে ওঠেন। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার কেওয়াচালা গ্রামে অনুষ্ঠিত ‘কেওয়াচালা ওয়ানগালা ২০২৬’ সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে।

কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেওয়াচালা ওয়ানগালা ২০২৬-এর নকমা ও শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা। উৎসবের উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরণ্য ই. চিরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পালক আনোয়ার হোসেন।

উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় শুক্রবার সকালে গারো সম্প্রদায়ের নিজস্ব রীতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে কেওয়াচালাসহ গাজীপুরের বিভিন্ন এলাকার নৃগোষ্ঠীর মানুষ অংশ নেন। উৎসবের মঞ্চে মান্দি ভাষায় কবিতা আবৃত্তি, গান ও ঐতিহ্যবাহী সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করা হয়। এছাড়া গারো সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের নানা পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এই অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। তাঁদের আমরা অন্য সংস্কৃতির বলে মনে করি না, তাঁরা আমাদেরই মানুষ। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। উৎসবে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও নানা বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।