আশুলিয়ায় জামিনে বেরিয়েই ফের ডাকাতির অভিযোগ, রাকিব-রানা গ্রেপ্তার, পলাতক ইমন

রগ কেটে দেওয়ার অভিযোগসহ একাধিক ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ চক্রটির বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী


নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির সময় এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর রাকিব ও রানা নামের দুইজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে মোঃ ইমন হোসেন ইমন নামের তাদের আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই চক্রের বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাই ও গুরুতর অপরাধের অভিযোগ থাকায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজী বাড়ি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতির চেষ্টা চালালে এলাকাবাসী রাকিবকে হাতেনাতে আটক করে। এ সময় বাকি দুইজন পালিয়ে যায়। পরে স্থানীয়দের তৎপরতায় রানা নামের আরেকজনকে আটক করা সম্ভব হয়। তবে ইমন নামের অপর সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিব ও রানাকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের অভিযোগ, আটক রাকিব এই ডাকাত চক্রের অন্যতম মূল হোতা। এর আগেও ডাকাতির সময় এক ভুক্তভোগীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তবে জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। বৃহস্পতিবার সকালে ফের ডাকাতির ঘটনায় তার আটকের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, এই ডাকাত চক্রের বিরুদ্ধে আশুলিয়াসহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। চক্রটির সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে তারা আবারও ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ক্রমেই বাড়ছে।

পলাতক সহযোগী মোঃ ইমন হোসেন ইমনের পিতার নাম কুরবান আলী। তার বাড়ি উত্তর নল্লা, পোল্লা মল্লিকের টেক এলাকায় বলে জানা গেছে।

এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার জানান, এলাকায় এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আইনগত ব্যবস্থা নেওয়া হলেও অভিযুক্তরা পরবর্তীতে জামিনে বের হয়ে আবারও বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। তারা এলাকায় অবস্থান করলে সাধারণ মানুষের জন্য তা হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও তিনি মনে করেন।

অন্যদিকে, এলাকার সচেতন মহল বলছে, বারবার একই ধরনের অপরাধের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ডাকাতি ও ছিনতাইয়ের ভয়ে অনেকেই স্বাভাবিক চলাফেরায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুধু গ্রেপ্তার নয়, অপরাধীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি অপরাধী চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এলাকায় নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, পলাতক ইমনকে দ্রুত গ্রেপ্তার এবং ডাকাত চক্রটির বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আশুলিয়া থানা পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে রাকিব ও রানাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর সহযোগী ইমনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।