ইয়ারপুর ইউডিসি উদ্যোক্তা সাদ্দামের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায় ও অবৈধ সম্পদ গড়ার অভিযোগ

”’সরকারি ফির চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায়ের অভিযোগ, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ও বিপুল সম্পদের মালিকানা নিয়ে প্রশ্ন”


 

নিজস্ব প্রতিবেদক : সেবাপ্রদানের আড়ালে অতিরিক্ত অর্থ আদায়, গ্রাহকদের কাছ থেকে বিনা রসিদে টাকা নেওয়া এবং বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. সাদ্দামের বিরুদ্ধে। সরকারি নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায়ের পাশাপাশি তার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ব্যবসা, জমি, কলোনি ও ব্যক্তিগত গাড়ির মালিকানা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

অভিযোগের সূত্র ধরে জানা যায়, ২০১৪ সালে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন সাদ্দাম। এরপর থেকে বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আশুলিয়ার জামগড়া এলাকার সমীর প্লাজার এক মোবাইল ব্যবসায়ীর অভিযোগ, তার মাত্র ৩০ বর্গফুটের দোকানের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য সাদ্দাম তার কাছ থেকে ১ হাজার ৮৫০ টাকা আদায় করেন। অথচ সংশ্লিষ্ট সরকারি ফি ও নির্ধারিত খাত অনুযায়ী এ ক্ষেত্রে খরচ ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে হওয়ার কথা বলে দাবি ওই ব্যবসায়ীর। তার অভিযোগ, অতিরিক্ত নেওয়া প্রায় এক হাজার টাকার বিপরীতে কোনো সরকারি রসিদ দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ীর দাবি, শুধু তিনি নন, দীর্ঘদিন ধরে এলাকার আরও অনেক ব্যবসায়ী একই ধরনের অতিরিক্ত ফি আদায়ের শিকার হচ্ছেন।

অনুসন্ধানে উঠে এসেছে, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশেই সাদ্দামের মালিকানাধীন বলে পরিচিত ব্যাংক এশিয়ার একটি এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে। একজন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কীভাবে তিনি এ ধরনের ব্যবসায় বিনিয়োগ করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এজেন্ট ব্যাংকিং ব্যবসায় বিনিয়োগের অর্থের উৎস এবং ব্যবসাটির প্রকৃত মালিকানা ও পরিচালনাসংক্রান্ত তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্রের দাবি, পৈতৃক সূত্রে পাওয়া ৫ থেকে ৬ শতাংশ জমির ওপর সাদ্দাম ১৭ থেকে ১৮টি কলোনি কক্ষ নির্মাণ করেছেন। এসব কক্ষ নির্মাণে আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সামনে রোমান ভূঁইয়ার মালিকানাধীন একটি হাউজিং প্রকল্পে আড়াই শতাংশ জমি বায়না করেছেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা।

তার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি প্রিমিও ব্র্যান্ডের প্রাইভেট কারও ছিল বলে অনুসন্ধানে জানা গেছে। তবে বর্তমানে গাড়িটির মালিকানা পরিবর্তন হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সম্পদের উৎস যাচাইয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযুক্ত মো. সাদ্দামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার বিভাগ এবং সাভার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তবে এসব অভিযোগের সত্যতা, সম্পদের প্রকৃত মালিকানা এবং অর্থের উৎস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।