এর আগে আশুলিয়ায় বিক্ষোভ করে তিন দফা দাবি জানিয়েছিল সংগঠনটি, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় ডেকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আগামী অ্যাপারেলস লিমিটেডে কর্মরত নারী শ্রমিক সুমি আক্তার মিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। এর আগে গত ১৯ অক্টোবর কাঠগড়া এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করে সুমির মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছিল সংগঠনটি।
জাতীয় শ্রমিক শক্তির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৬ অক্টোবর রাতে কারখানায় দায়িত্ব পালনকালে সুমি আক্তার মিশুর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সৌরভ খান সুজনকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সজীব ওয়াফি এবং সদস্য করা হয়েছে শেখ রুবেলকে। কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সরেজমিনে তথ্য সংগ্রহ করে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে হবে। প্রতিবেদনটি জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির ও সদস্যসচিব খায়রুজ্জামান মোর্শেদের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৯ অক্টোবর সোমবার আশুলিয়ার কাঠগড়া এলাকায় সুমি আক্তার মিশুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় শ্রমিক শক্তি। সমাবেশে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সুমি আগে থেকেই অসুস্থ ছিলেন, কিন্তু তাঁকে ছুটি দেওয়া হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের এক কর্মকর্তার মানসিক নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সমাবেশে এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ সুমির মৃত্যুকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে ঘটনার বিচার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
জাতীয় শ্রমিক শক্তির সভাপতি মাজহারুল ইসলাম ফকির ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের চাকরি থেকে অপসারণ ও বিচারের দাবি করেন। সমাবেশে সংগঠনটির নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বক্তব্য দেন।
ওই সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল সুমি আক্তার মিশুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার, অভিযোগে উল্লেখ করা সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণ ও গ্রেপ্তার এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।
বিক্ষোভ ও তিন দফা দাবি উত্থাপনের পর এবার তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় শ্রমিক শক্তি। কমিটির তদন্তে সুমির মৃত্যুর প্রকৃত কারণ এবং উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কী তথ্য উঠে আসে, তা জানতে এখন তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা।

