লালবাগে নিষিদ্ধ আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু (৬২), লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), একই থানা যুবলীগের নেতা মো. আপেল মাহমুদ (৪২) এবং লালবাগ থানা ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।

লালবাগ থানা সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী একটি মিছিলের আয়োজন করেছিল। গ্রেপ্তারকৃতরা সেই মিছিল আয়োজনে সরাসরি অংশগ্রহণ ও অর্থায়নে সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।