গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, দোকানপাট বন্ধ ও নিরাপত্তা জোরদার

কয়েকদিন ধরে চলমান সহিংসতাকে কেন্দ্র করে গোপালগঞ্জে উদ্বেগজনক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল খুবই কম এবং অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়কে টহল জোরদার করেছেন।

এর আগে বুধবার জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাদের বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত গোপালগঞ্জ সদরে কোনো ধরনের মিছিল, মিটিং কিংবা অবরোধের দৃশ্য দেখা যায়নি। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তবে স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্যমতে, সকাল ১০টার পর থেকে তাদের অবরোধ কর্মসূচি আরও বিস্তৃত হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান না নিলে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের দাবি জানিয়েছেন। অন্যদিকে, মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

শহরের সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।