মতপ্রকাশের স্বাধীনতা চর্চা করতে গিয়ে হয়রানি, মারধর ও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তার। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে সরকারকে পরামর্শ দিয়েছেন যে, এসব হামলাকারী বিএনপি নেতাদের যেন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
সাথী আক্তার বলেন, বিএনপি নেতাকর্মীরা এতটাই অশিক্ষিত যে তারা মতপ্রকাশ এবং অপরাধের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব হামলাকারী ও এর সঙ্গে জড়িত বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেওয়া উচিত। তার মতে, এতে দেশ ও সাধারণ মানুষ ভালো থাকবে। নতুবা এদের অশিক্ষিত আচরণের কারণে দেশ গোল্লায় যাবে।
নিজের ওপর হামলার ঘটনা তুলে ধরে তিনি জানান, গত ২৫ অক্টোবর তার শোরুম থেকে এসি ও মোবাইল চুরির ঘটনা নিয়ে ফেসবুকে লাইভ করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার শোরুম ঘেরাও করে হামলা চালায়। এ সময় তার কাছে দুই লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তার সন্তান ও জনসম্মুখে তাকে আওয়ামী লীগের স্লোগান দিতে বাধ্য করে মারধর করা হয়। পরবর্তীতে তাকে মব করে পুলিশে সোপর্দ করা হয় এবং পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখায়। বর্তমানে জামিনে থাকলেও মামলা চলমান রয়েছে।
সাথী আক্তার আরও অভিযোগ করেন, জামিনে বের হওয়ার পরও তাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার চারতলার শোরুম এবং শিশুদের স্কুলের জানালার গ্লাস লক্ষ্য করে ইট ছুড়ে হামলা চালানো হয়েছে। তিনি নিজের ওপর হওয়া এই অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করেন।
গোলটেবিল আলোচনায় এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নুর খান লিটন, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী, ফাহিম মাশরুর, অধ্যাপক শিব্বির আহমেদ, মাবরুর মোহাম্মদ এবং সাংবাদিক জায়মা ইসলাম।

