সুবর্ণচরে খরা ও লবণ সহিষ্ণু বিনা-১০ ধান চাষে কৃষক সমাবেশ

নোয়াখালীর সুবর্ণচরে খরা ও লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল বিনা-১০ জাতের বোরো ধান আবাদে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে একটি কৃষক সমাবেশ ও প্রদর্শনী প্লট পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার সকালে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ১ নম্বর স্লুইসগেট এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত এই জাতের ধান চাষের সুবিধাগুলো তুলে ধরতে স্থানীয় শতাধিক কৃষক ও তরুণরা এতে অংশ নেন।

‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি-নেক্সট’ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও (সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন) এই সমাবেশের আয়োজন করে, যেখানে সহযোগিতা প্রদান করেছে এমএস টিসিডিসি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় অঞ্চলে অনাবৃষ্টির কারণে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় রবি মৌসুমে বোরো ধান চাষ নিয়ে কৃষকরা অনিশ্চয়তায় ভুগছেন। প্রচলিত জাতের ধান চাষে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছে। এ অবস্থায় বিনা-১০ জাতের ধান একটি কার্যকর ও সম্ভাবনাময় বিকল্প হতে পারে, যা লবণাক্ত জমিতেও ভালো ফলন দিতে সক্ষম। পাশাপাশি জৈব সার ও ট্রাইকো-কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানোর সুযোগ রয়েছে বলেও তারা জানান।

সমাবেশে এসএইচবিও'র নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা, প্রকল্পের সমন্বয়ক আব্দুল্লাহ আল রাহাদসহ স্থানীয় কৃষক ও যুব প্রতিনিধিরা বক্তব্য দেন। ফাহিদা সুলতানা জানান, সুবর্ণচরের কৃষকদের সহায়তায় ২০ জন তরুণকে ‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি লিডার’ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন। এছাড়া ফসলের রোগ শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ জন নারীকে ট্রাইকো-কম্পোস্ট সার উৎপাদন ও বাজারজাতকরণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা তাদের জন্য কর্মসংস্থানের নতুন পথ তৈরি করবে। আয়োজকদের প্রত্যাশা, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণ সুবর্ণচরের কৃষি খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।