সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার রাতে পৌরশহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- শহরের হোসেনপুর মহল্লার মৃত গোলজার হোসেনের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী রিপন সাধু (৫২), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রবিন (২৭), কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বনবাড়িয়া ঠাকুরটেক গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. আসিফ শেখ (২১), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সদস্য দত্তবাড়ী মহল্লার মো. আলামিনের ছেলে মো. হাসান (২৪), বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বহুলী গ্রামের মৃত জামাত আলীর ছেলে মো. আমির হোসেন (৫৫) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু হাসান (২০)।

