ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। নিহত রাজু মোল্লা (৩৪) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। মঙ্গলবার সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মঙ্গলবার রাত আটটার দিকে হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। রাত নয়টার দিকে তারা ওই এলাকায় মিছিল বের করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোয়া নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা পরে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া বলেন, রাজু মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন তাদের কিছু করার ছিল না।
ফরিদপুর-৪ (ভাঙ্গা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল) বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হামলায় রাজু মোল্লা নিহত হয়েছেন। তিনি জানান, ১০০-১৫০ জন আওয়ামী লীগ সমর্থক ঢাল, কাতরা, লাঠি ও বল্লম নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিলেন। খবর পেয়ে কৃষক দলের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের হটিয়ে দেয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর রাত সোয়া ১০টার দিকে জানান, নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর রাত নয়টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
১০০–১৫০ জন আওয়ামী লীগ সমর্থক ঢাল, কাতরা, লাঠি বল্লম নিয়ে ওই এলাকায় মহড়া দিচ্ছিলেন।

