গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা এই কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে হাজারো শ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করে রাখেন। এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

