প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম। বাংলাদেশ সরকারের ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বিনিয়োগ সুকুক বা ইসলামি বন্ড নিলামে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে এই সুকুক ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে। প্রকল্পের প্রস্তাব এবং শরিয়াহ যোগ্যতা ব্যবস্থাপনা বিভাগের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনক্রমে সুকুক ইস্যুর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা পদ্ধতিতে ৩ হাজার কোটি টাকার এই সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদপূর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২ জুন। বিনিয়োগকারীরা ১৮২ দিনের বিনিয়োগের বিপরীতে ভাড়া বাবদ মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা পাবেন, যা বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এককালীন পরিশোধ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যাদের চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে, এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এছাড়া দেশি-বিদেশি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ডগুলোও তাদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই নিলামে অংশগ্রহণের সুযোগ পাবে।
আগ্রহী বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক কেনার জন্য ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসএম-এর মাধ্যমে অনলাইনে বিড দাখিল করতে পারবেন। নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সুকুক ইনভেস্টর (এসআই) আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীদের বরাদ্দের পরিমাণ ১ ডিসেম্বর বিকেল ৩টায় এসএসএম-এ জানানো হবে।

