রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, কোনো কর্মকর্তা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়ালে তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত। এ ধরনের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী কখনো নেবে না। তিনি আরও উল্লেখ করেন, যিনি এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত হন, এটি তার ব্যক্তিগত দায় থেকেই ঘটে। বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ডের দায় নেওয়ার কোনো সুযোগ নেই।
মামলা প্রসঙ্গে কমিশনার জানান, গত শনিবার সিএমপির কাছে একটি মামলার এজাহার আসে, যা পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। যেহেতু এটি রাষ্ট্রদ্রোহের মামলা, তাই আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন পাওয়ার পরপরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলা হওয়ার পরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেন হাসান মো. শওকত আলী। তিনি জানান, রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্তও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট করবে এবং নিয়ম অনুযায়ী রোববারই তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ বাহিনীর ভেতরে এই ঘটনায় কোনো মানসিক চাপ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এটি মানসিকভাবে চাপে পড়ার কোনো বিষয় নয়। কারণ, যিনি এ ধরনের কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন, সেটি তাঁর একান্তই ব্যক্তিগত দায়। তিনি আরও বলেন, বার্তাটি অত্যন্ত স্পষ্ট—যে ব্যক্তি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়াবেন, তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিএমপি কমিশনার।

