নেতানিয়াহুর ঐক্য সরকারের প্রস্তাবকে ‘ধাপ্পাবাজি’ বললেন আইজেনকোট

ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনের বিষয়ে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেওয়া আহ্বানকে ‘সর্বশেষ ধাপ্পাবাজি’ বলে তীব্র সমালোচনা করেছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনো কৌশল তাঁর ওপর প্রভাব ফেলবে না এবং তা কোনোভাবেই কাজে দেবে না।

রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন, মুখে ঐক্যের কথা বললেও নেতানিয়াহু পার্লামেন্টের অনুষ্ঠানে ঘৃণামূলক বক্তব্য দিয়ে সেটির পরিবেশ কলঙ্কিত করেছেন। বিরোধী এই নেতা আরও উল্লেখ করেন, আলোচনার কথা বলা হলেও সেসব আলোচনার সূচি ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে।

এর আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেছিলেন, গত বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে তাঁর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের মাধ্যমে দেশে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থি জোটের আসন সংখ্যা কমে যায়। অন্যদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট যৌথভাবে ১২০ আসনের নেসেটে ৬৭টি আসন লাভ করে।

নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গাদি আইজেনকোটকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন। নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট সব মিলিয়ে দেড় মাস সময় পাবেন। নির্ধারিত এই সময়ের মধ্যে তিনি সরকার গঠনে ব্যর্থ হলে তবেই নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পাবেন।

বর্তমানে আইজেনকোটের সামনে আরব দলগুলোর সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের সুযোগ রয়েছে। আরব দলগুলোও আগেই ঘোষণা দিয়েছে যে, নেতানিয়াহু এবং তাঁর জোটের উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভিরকে ক্ষমতা থেকে হটাতে তারা আইজেনকোটের জোটকে পূর্ণ সমর্থন দেবে।