ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের গোয়েন্দা বিমান ভূপাতিত করল হুথিরা

ইয়েমেনের আল-জাওফ অঞ্চলের আকাশসীমায় সৌদি আরবের একটি সশস্ত্র গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি অনুযায়ী, বিমানটি যখন ‘শত্রুতামূলক তৎপরতা’ চালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেটিকে লক্ষ্য করে ভূপাতিত করা হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আল-জাওফের আকাশসীমায় অভিযান পরিচালনার সময় সৌদি আরবের ওই সশস্ত্র গোয়েন্দা বিমানটি ধ্বংস করা হয়েছে।

ইয়াহিয়া সারির দাবি, সংঘাতের উত্তেজনা শুরুর পর থেকে এটি হুথিদের ভূপাতিত করা পঞ্চম বিমান। তবে বিমানটি ঠিক কী ধরনের অভিযানে অংশ নিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।