শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মুখ খুললেন না ভারতীয় মুখপাত্র

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট মন্তব্য করা হয়নি। প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, এ বিষয়ে কিছু বলার নেই।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত ব্যাকচ্যানেলে কিছু শর্ত বা উদ্যোগের চেষ্টা চালিয়েছিল, যা ব্যর্থ হয়েছে। তবে এ ধরনের দাবির বিপরীতে মুখপাত্র কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

একই সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী। এই লক্ষ্য অর্জনে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় ভারত নানা উদ্যোগ নিয়েছে এবং নিয়মিত বৈঠক করছে।

তিনি আরও নিশ্চিত করেন যে, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।