চন্দনাইশে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ গ্রামের দিঘিরপাড় এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় শেখ আবদুল্লাহ নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ সোহেলের একমাত্র ছেলে এবং স্থানীয় একটি হিফজখানার শিক্ষার্থী ছিল।

ঘটনার বিবরণ দিয়ে মোহাম্মদ সোহেল জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে আবদুল্লাহ মাদ্রাসা থেকে ফিরে বাড়ির উঠানে থাকা একটি তেঁতুলগাছে ওঠে। মেয়ের কাছ থেকে খবর পেয়ে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন এবং ছেলেকে গাছ থেকে নামতে বলেন। ঠিক সেই মুহূর্তেই গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে আবদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়। চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ সোহেল বলেন, তাঁর সাত মেয়ে ও এক ছেলে ছিল। এর আগে দুই মেয়ে মারা গেছে। বেঁচে থাকা সন্তানদের মধ্যে আবদুল্লাহ ছিল দ্বিতীয় এবং তাকে আলেম বানানোর স্বপ্ন ছিল বাবার।

দুর্ঘটনার পর মোহাম্মদ সোহেল দ্রুত অটোরিকশার ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে খোঁচা দিয়ে ছেলেকে গাছ থেকে নিচে নামান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বৈলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।