না ফেরার দেশে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম। না ফেরার দেশে চলে গেলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শিল্পীর ভাতিজা সাকির হাসান জামী জানান, গত ২৪ অক্টোবর থেকেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন সাহেদ আলী। তিনি স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুর মতো মারাত্মক সব শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে অবস্থিত পারিবারিক কবরস্থানেই শেষ শয্যা হবে এই শিল্পীর।

দীর্ঘ ১১ বছরের সাধনায় সাহেদ আলী ২৪টি নতুন গান তৈরি করেছিলেন। অসুস্থতার কারণে গানগুলো প্রকাশের আয়োজন থমকে যায়। পরিকল্পনা অনুযায়ী, ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড আকারে তার এই নতুন কাজগুলো প্রকাশের কথা ছিল।