অনেক প্রতিকূলতা পেরিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে সামিরা খান মাহি

৭৫তম মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার নতুন চ্যালেঞ্জ এখন সামিরা খান মাহির সামনে। তবে এই প্রতিযোগিতার মুকুট পাওয়ার পর থেকেই তাকে নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বিশ্বমঞ্চে তার অংশগ্রহণ এবং প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, এমনকি তার গায়ের রঙ নিয়েও নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে অনেককে। তবে এসব সমালোচনার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে একজন নারীর দীর্ঘদিনের সংগ্রাম, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা এবং বারবার ঘুরে দাঁড়ানোর গল্প।

সামিরা খান মাহির জন্মনাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে শোবিজে নিজের ক্যারিয়ার শুরু করার সময় তিনি নাম পরিবর্তন করে সামিরা খান মাহি রাখেন। ওই বছর একটি মডেল হান্ট প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে তার বিনোদন অঙ্গনে পথচলা শুরু হয়। র‍্যাম্প মডেলিংয়ের পাশাপাশি তিনি রেডিও নেক্সট ৯৩.২ এফএম ও রেডিও আমার ৮৮.৪ এফএম-এর লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন, যদিও তিনি পেশাদার রেডিও জকি হিসেবে কাজ করেননি।

ক্যারিয়ারের শুরুতে কোনো পরিচিত অভিভাবক বা সঠিক দিকনির্দেশনা না থাকায় তাকে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে একাই। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে পরিচিতি পেলেও তাকে ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে। অভিনয়ের জগতে এসেও গায়ের রঙ ও দাঁতের গঠন নিয়ে আপত্তির কারণে তাকে কেন্দ্রীয় চরিত্রের বদলে মানসিক ভারসাম্যহীন নারী কিংবা গৃহকর্মীর মতো চরিত্রে অভিনয় করতে হয়েছে। তবে এসব অভিজ্ঞতা তাকে থামাতে পারেনি।

মডেলিংয়ে যখন তিনি নিজের অবস্থান তৈরি করছিলেন, ঠিক তখনই শারীরিক অসুস্থতা তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রায় তিন বছর পেশাদার কাজ থেকে দূরে থাকতে হয় তাকে। দীর্ঘ এই বিরতিতে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা হারানোর শঙ্কা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছিল।