প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ ব্যাংকের ১৫০০ কোটি টাকার ঋণ তহবিল

ব্যবসা শুরু করতে চান কিন্তু পুঁজি নেই, আবার জামানত বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ব্যাংকঋণও পান না—এমন ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের পেশাজীবীদের আর্থিক সহায়তার আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ বিষয়ে বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন এই নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের এই তহবিল থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। ব্যক্তিগত পর্যায়ে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। দলগতভাবে ঋণের পরিমাণ সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত হতে পারে, যেখানে ২ থেকে ৫ জন সদস্য মিলে দল গঠন করতে পারবেন। দলগত ঋণের ক্ষেত্রে প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে পাবেন এবং দলের সবাই ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন। ঋণের মেয়াদ ৫ বছর, যার মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি বিরতি পাওয়া যাবে।

ঋণ পাওয়ার ক্ষেত্রে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা অগ্রাধিকার পাবেন। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ থাকবে। এছাড়া জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, বিভিন্ন ধরনের মিস্ত্রি, ভ্রাম্যমাণ বিক্রেতা এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও এই ঋণের যোগ্য হবেন।

শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ঝরে পড়া শিক্ষার্থীসহ ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য ঋণ পেতে পারেন। এছাড়া উচ্চশিক্ষার ব্যয় নির্বাহের জন্যও ঋণ দেওয়া যাবে, তবে সেক্ষেত্রে অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।

ঋণ পাওয়ার জন্য গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত প্রয়োজন হবে। ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধাও নিতে পারবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে, তবে তাদের ক্ষেত্রেও মুনাফার হার ৭ শতাংশের বেশি হবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো তাদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এই ঋণ বিতরণ করতে পারবে। ঋণ দেওয়ার আগে ব্যাংককে গ্রাহকের সিআইবি প্রতিবেদন যাচাই করতে হবে, তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি চার্জ নেওয়া যাবে না। প্রতি তিন মাস অন্তর ব্যাংকগুলোকে ঋণের ব্যবহার ও বিতরণের প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।