তিন দিনের সরকারি সফর শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য সফরসঙ্গীরাও দেশে ফেরেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রী, কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। এ ছাড়া ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের বিমানে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশে ফ্লাইট ধরেন। উল্লেখ্য, তিন দিনের এই সফরে গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

