রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে উপস্থিতির হারে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে মাতৃত্বকালীন সময়ে নারী শিক্ষার্থীরা ৪০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাকসুর মহিলা বিভাগের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কমিটির সুপারিশের ভিত্তিতে প্রস্তাবটি অ্যাকাডেমিক কাউন্সিলে উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান জানান, মাতৃত্বকালীন সময়ে উপস্থিতির হার কমানোর বিষয়ে আগে থেকেই একটি কমিটি কাজ করছিল। আজ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এটি পাস হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য সিন্ডিকেটে পাঠানো হবে।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যিদা হাফসা বলেন, মহিলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবিটি জানানো হয়েছিল এবং আমি নিজেও সেই কমিটির সদস্য ছিলাম। শুরুতে ৫০ শতাংশ উপস্থিতিতে পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে তা কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনার আবেদন করা হয়, যা বর্তমানে গৃহীত হয়েছে।

