সিলেট-৩ আসনের এমপিকে জড়িয়ে ইউপি চেয়ারম্যান ওলিদের নতুন লাইভ, হত্যা মামলায় আসামি ২২

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুনরায় লাইভে এসে বক্তব্য দিয়েছেন শহরতলীর সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী ঘরানার রাজনীতিবিদ শাহ ওলিদুর রহমান। এর আগে তিনি এক লাইভে তার ভাতিজা রাসেল আহমদ শাহ হত্যাকাণ্ডের জন্য এমপি এমএ মালিক ও লন্ডন বিএনপি নেতা আবেদ রাজাকে দায়ী করেছিলেন। তবে সম্প্রতি নতুন এক ভিডিওতে নিজের পূর্বের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এই ইউপি চেয়ারম্যান। এদিকে, সিলামের রাসেল হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সিলামের শেখ ও শাহ বংশের মধ্যে দীর্ঘদিনের পুরনো দ্বন্দ্বের মূলে রয়েছে শাহ তৈয়র ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটের বিশাল সম্পত্তি। মাজারের খাদেম কে হবেন, তা নিয়ে এই দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘাত বহু পুরোনো। সম্প্রতি এই দ্বন্দ্ব মেটাতে ওয়াকফ এস্টেট প্রশাসন উভয় পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেয়, যার সভাপতি করা হয় সিলেট-৩ আসনের এমপি এমএ মালিককে। তবে এমপির ঘনিষ্ঠজনদের দাবি, এই কমিটি গঠনের বিষয়ে এমপি মালিক নিজে অবগত ছিলেন না এবং লন্ডন বিএনপি নেতা আবেদ রাজা মূলত তার নাম জড়িয়েছেন।

গত ২১শে আগস্ট এই ওয়াকফ এস্টেটের ভূমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় কয়েকটি সমঝোতা বৈঠক হলেও ২রা অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পত্তি দখল সংক্রান্ত একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিনই সিলাম বাজারে শেখ গোষ্ঠীর লোকজনের হামলায় খুন হন রাসেল আহমদ শাহ, যিনি সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের ভাতিজা।

ভাতিজা খুনের পর গভীর শোকে ভেঙে পড়া চেয়ারম্যান ওলিদুর রহমান ফেসবুক লাইভে এসে ঘটনার জন্য সরাসরি স্থানীয় এমপি এমএ মালিক ও লন্ডন বিএনপি নেতা আবেদ রাজাকে অভিযুক্ত করেন। তিনি দাবি করেন, এমপি এই বিরোধে অযাচিতভাবে হস্তক্ষেপ করার কারণেই তার ভাতিজা নিহত হয়েছেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করলেও এমপি মালিক কিংবা বিএনপি নেতারা এ নিয়ে কোনো মন্তব্য করেননি। ঘটনার চার দিন পর গত সোমবার এমপির স্ত্রী ও সন্তান নিহত রাসেলের বাড়িতে সান্ত্বনা দিতে যান। এর পরপরই চেয়ারম্যান ওলিদুর রহমান পুনরায় লাইভে এসে দুঃখ প্রকাশ করেন।

নূতনের লাইভে ওলিদুর রহমান জানান, এমপি এমএ মালিক এই বিরোধের বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না। মূলত আবেদ রাজাই তাকে এই ঘটনায় জড়িয়েছেন। নিজের আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি রাসেল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারে এমপির সহযোগিতা কামনা করেন। এদিকে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন এমপি এমএ মালিক।

যাওয়ার আগে তিনি জানান, ওয়াকফ এস্টেট সাধারণত বিরোধ মেটাতে স্থানীয় এমপি বা সরকারি কর্মকর্তাদের সভাপতি করে থাকে, তাকেও সেভাবেই করা হয়েছিল। তবে তিনি এই বিরোধ বা সংঘাতের বিষয়ে কিছুই জানতেন না। তিনি বলেন, ওলিদ প্রথমে আবেগে পড়ে ওই বক্তব্য দিলেও পরে নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে। এমপি স্পষ্ট করে বলেন, তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না এবং সিলামে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন।

অন্যদিকে, রাসেল আহমদ শাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রাসেলের মা মোছাম্মৎ রাজনা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার দুই দিন পর দায়ের করা এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ বংশের মুরব্বী ফজলু মিয়াকে এবং দ্বিতীয় আসামি করা হয়েছে লন্ডন বিএনপি নেতা আবেদ রাজাকে।

মামলার আসামি হওয়ার পর লন্ডন থেকে এক প্রেস ব্রিফিংয়ে আবেদ রাজা জানান, তিনি গত ২৬শে আগস্টেই লন্ডনে চলে গেছেন এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানতেন না। নিজের নিরপরাধ দাবি করে তিনি ব্রিফিংয়ে তার পাসপোর্টও প্রদর্শন করেন।

এই মামলার অন্য আসামিরা হলেন— ঘটনার মূল হোতা ইয়াসিন আহমদ ফাহিম, আব্দুস সামাদ, রনি, তানিম আহমদ, সুমন আলী, শহীদ আলী, কামরান, মাহবুব, জুবের আহমদ জুবেল, রাফি, সালমান, আহমাদুর রহমান সাদেক, মাসুম, মুহিন, রাজু মিয়া, মোজাহির আলী, আলী রুবেল, গুল্লি সুয়েব, সিরাজুল ইসলাম ও উজ্জ্বল মিয়া।