সরকারি প্রকৌশলীদের কাজের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়াকে ঘুষের বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংস্থাটি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। টিআইবি অবিলম্বে প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সরকারের অবস্থান স্পষ্ট করা এবং এই বক্তব্যের পেছনে থাকা সিনিয়র সচিবের পরামর্শের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মন্তব্য করেন যে, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়, তা গ্রহণ করা যায়। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি প্রশ্ন তুলেছে, সরকারি দায়িত্ব পালনের জন্য উপহারের নামে ঘুষ গ্রহণের মতো ব্যক্তিগত সুবিধা নিতে উৎসাহিত করে প্রতিমন্ত্রী কি কার্যত ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন?
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই তারা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেবেন কেন? তিনি আরও বলেন, যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, তাদের চাকরির শুরুতেই ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন।
সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে যে, একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাবে। ড. ইফতেখারুজ্জামান দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারার কথা উল্লেখ করে বলেন, সরকারি কাজ করার প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুযায়ীও উপহারের নামে ঠিকাদারের লভ্যাংশ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই।
টিআইবি সতর্ক করে জানিয়েছে, যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারক করেন, তার কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নিলে প্রকৌশলীর নিরপেক্ষতা বজায় থাকবে না। এটি কাজ তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এবং ঠিকাদারদের মধ্যে প্রতিযোগিতার সমান সুযোগ ক্ষুণ্ন করবে। সবশেষে, প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিঃশর্তভাবে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি এবং তার বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
অন্যদিকে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, বিধিতে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাতার প্রতি দাফতরিক বাধ্যবাধকতা তৈরি করে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। একই বিধিমালার ৫(৪) অনুযায়ী, সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উৎস থেকে পাওয়া প্রতিটি উপহারের মূল্যসীমা ৫০০ টাকা।
এ ছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারিত রয়েছে। টিআইবির মতে, এই দুই সীমিত বিধানের কোনোটিই দাফতরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থে

