ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যদিও তারা সংবেদনশীলতার কারণে নিজেদের নাম প্রকাশ করেননি, তবে তারা জানিয়েছেন যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন কর্মকর্তারা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন যে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে। বেসেন্টকে লক্ষ্য করে পাওয়া গোয়েন্দা তথ্যগুলোও এই মূল্যায়নের একটি বড় ভিত্তি হিসেবে কাজ করেছে।
চলতি বছরের আগস্ট মাস থেকে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা এবং বাণিজ্যপথে বিধিনিষেধ আরোপের কার্যক্রম পরিচালনা করছেন বেসেন্ট। এই ভূমিকার কারণেই তিনি ইরানের সম্ভাব্য হামলার অন্যতম মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে সূত্রগুলো জানিয়েছে। তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির ভয়াবহতা ঠিক কতটা, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তাদের মতে, বিদেশে বড় ধরনের হামলা চালানোর মতো সক্ষমতা ইরানের সীমিত হলেও, সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে তাদের হুমকিগুলো গুরুতর। এর আগে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনাও মার্কিন কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন যে, ইরানের শাসকগোষ্ঠীর এই হুমকিতে অর্থমন্ত্রী বেসেন্ট দমে যাবেন না। তিনি ইরানের অর্থনীতিকে চাপে ফেলার যে অভিযান পরিচালনা করছেন, তা বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প প্রশাসনের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে বেসেন্ট ওয়াশিংটনের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটি বা কোনো সুরক্ষিত আবাসনে উঠলেন। এর আগে গত বছর স্টিফেন মিলার এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিসহ অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। বন্ডির ক্ষেত্রে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে তুলে আনার ঘটনাটি হুমকির অন্যতম কারণ ছিল।
বেসেন্টের নেতৃত্বে পরিচালিত অর্থনৈতিক চাপের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অর্থের উৎস বন্ধ করা। ট্রাম্পের ২৮ ফেব্রুয়ারি শুরু করা এই অভিযানের লক্ষ্য হলো সামরিক সংঘাত এড়িয়ে অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানের অর্থনীতিকে সংকুচিত করা, যার ফলে দেশটির মুদ্রার পতন ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান অবনতির দাবি করছেন মার্কিন কর্মকর্তারা। তবে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের কট্টরপন্থি নেতৃত্ব ক্ষমতা ধরে রাখতে যেকোনো মূল্য দিতে প্রস্তুত, তাই কেবল অর্থনৈতিক দুর্ভোগের মাধ্যমে শাসনব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নাও হতে পারে।
২০২০ সালের জানুয়ারি মাসে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করে আসছে। ২০২৪ সালে ফেডারেল কৌঁসুলিরা ফরহাদ শাকেরি নামের এক ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করেন, যিনি রেভল্যুশনারি গার্ডের একজন অপারেটিভ ছিলেন। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত জাতীয় নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদেরও হুমকি মোকাবিলা করতে হয়েছিল, যাদের নিরাপত্তা সুরক্ষা বাইডেন প্রশাসন বহাল রাখলেও ট্রাম্প ক্ষমতায় ফেরার পর তা প্রত্যাহার করে নেন।

