আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাস মোকাবিলায় জুলাইয়ের সব শক্তি ঐক্যবদ্ধ হবে: মঞ্জু

আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড জুলাই অভ্যুত্থানের সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে আবারও এক কাতারে ঐক্যবদ্ধ করবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগের বোমাবাজি ও সহিংসতার জবাব কোনো পাল্টা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না। বরং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মাঠ থেকে প্রতিহত করা হবে।

রাজধানীর বিজয়নগরে মঙ্গলবার (১০ নভেম্বর) বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার কড়া সমালোচনা করেন এবি পার্টির শীর্ষ এই নেতা।

মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করে বলেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। আর সেই তারিখকে সামনে রেখেই একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বাসে আগুন, বোমাবাজি ও জ্বালাও-পোড়াও শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা ঘটছে। সাধারণ মানুষকে হত্যা করে কিংবা নৈরাজ্য সৃষ্টি করে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা সম্ভব, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখার রাজনীতিতে পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের বোধোদয় হয়নি মন্তব্য করে মঞ্জু বলেন, এসব সংঘাত চালিয়ে রাজনৈতিকভাবে লাভবান হওয়া যাবে না। উল্টো এই নৈরাজ্যের কারণে দলটির নিরীহ ও অরাজনৈতিক সমর্থকরা নতুন করে আইনি ঝুঁকিতে পড়বেন। এই প্রসঙ্গে ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের সঙ্গে তৎকালীন সরকারের রক্তাক্ত সংঘাতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি সংঘাতের পথ পরিহার করার পরামর্শ দেন।

বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান উল্লেখ করেন, শেখ হাসিনা এখন জনগণের কাছে আতঙ্ক ও সন্ত্রাসের প্রতীকে পরিণত হয়েছেন। ভয় দেখিয়ে রাজনীতি করা গেলে তাঁদের ক্ষমতা ছাড়তে হতো না। তিনি সতর্ক করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা কিংবা রক্তাক্ত করার ঘটনা ছাত্র-জনতা ভুলে যায়নি। বর্তমানে নাগরিক দাবি আদায়ের আন্দোলন চললেও, সন্ত্রাস অব্যাহত থাকলে আওয়ামী অপশক্তির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলাই আন্দোলনের প্রধান সূচিতে পরিণত হবে। সন্ত্রাস যত বাড়বে, দলটি জনগণ থেকে ততটাই বিচ্ছিন্ন হয়ে পড়বে।

তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, মোবাইল ও কম্পিউটারে ব্যস্ত থাকা জেন-জি (Gen-Z) প্রজন্মই রাজপথে নেমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। দলটির বর্তমান সহিংসতার কারণে তাদের আড়ালে থাকা সহানুভূতিশীল সমর্থকরাও চরম বিপদে পড়বেন।

দেশের আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মঞ্জু প্রশ্ন তোলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা আগে থেকে কেন শনাক্ত করা গেল না? সরকারের কাছে গোয়েন্দা তথ্য থাকার পরও এসব নাশকতা রোধে সংস্থাগুলোর সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

পরিস্থিতি মোকাবিলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার যদি একা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে জুলাই অভ্যুত্থানের সব শক্তিকে সাথে নিয়ে সারা দেশে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে এবং ঐক্যবদ্ধভাবে নাশকতা প্রতিহত করা হবে। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পূর্ণ দায় সরকার ও ফ্যাসিবাদী শক্তিকেই বহন করতে হবে।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।

সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগরের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী, সড়ক ও পরিবহন বিষয়ক সম্পাদক প্রকৌশলী ড. শাহেদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা এবং শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।