মঙ্গলবার ১০ নভেম্বর ভোররাত থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নগরের খুলশী ও সিটি গেট এলাকা এবং হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায় এসব ঘটনা ছড়িয়ে পড়ে। এই ধারাবাহিক নাশকতার মধ্যে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকটির কিছু নথিপত্র পুড়ে গেলেও নিরাপত্তাকর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সময়ে হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুটি বাসে ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশ ধাওয়া করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে হাতেনাতে আটক করে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আটকদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নগরের আকবর শাহ থানার অধীন সিটি গেটের মনসুরাবাদ এলাকায় দুর্বৃত্তরা অটোরিকশায় এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়া খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানিয়েছেন, নগরের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

