যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ধীরগতি, বাড়ছে প্রতিযোগিতার চাপ

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৭ শতাংশ কমেছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ বাজারের গড় পতনের তুলনায় বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমেছে কম হারে। যুক্তরাষ্ট্রের বস্ত্র ও পোশাকবিষয়ক দপ্তরের (ওটেক্সা) সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৬১৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৬৪২ কোটি ৯১ লাখ ২০ হাজার ডলার। সেই হিসাবে বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ২৯ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্র মোট ৫ হাজার ৬৬৭ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলারের পোশাক আমদানি করেছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৬ হাজার ৩৮ কোটি ৩২ লাখ ২০ হাজার ডলার। ফলে সামগ্রিকভাবে দেশটির পোশাক আমদানি কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ। সে তুলনায় বাংলাদেশের রপ্তানি হ্রাসের হার ১ দশমিক ৫৭ শতাংশীয় পয়েন্ট কম। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে সামগ্রিক চাহিদা সংকুচিত হলেও বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে, যা উদ্বেগের বিষয়। তবে লক্ষনীয় যে একই সময়ে দেশটির মোট পোশাক আমদানিও কমেছে। অর্থাৎ, বাংলাদেশের রপ্তানি কমলেও বাজারের সামগ্রিক সংকোচনের তুলনায় পতন কম। তাই এটিকে শুধু বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার অবনতি হিসেবে দেখা ঠিক হবে না। তবুও রপ্তানি আয় কমলে বৈদেশিক মুদ্রা অর্জন, কারখানার উৎপাদন, শ্রমিকের কর্মসংস্থান ও সরকারের রাজস্বে চাপ পড়ে। অর্ডার আরও কমলে ছোট ও মাঝারি কারখানা বেশি ঝুঁকিতে পড়বে।

প্রতিযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে কম্বোডিয়া। জানুয়ারি থেকে সেপ্টেম্বরে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ৬ দশমিক ৪২ শতাংশ। ইন্দোনেশিয়া থেকে ২ দশমিক ৮১ শতাংশ এবং ভিয়েতনাম থেকে বেড়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ। বিপরীতে চীন থেকে আমদানি কমেছে ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ, ভারত থেকে ২৫ দশমিক ১৯ এবং পাকিস্তান থেকে ৩ দশমিক ৬৭ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, চীন ও ভারতের মতো বড় সরবরাহকারী দেশগুলোর রপ্তানি উল্লেখযোগ্য হারে কমলেও বাংলাদেশের ক্ষতি হয়েছে তুলনামূলক কম। তবে ভিয়েতনাম ও কম্বোডিয়ার ইতিবাচক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওপর প্রতিযোগিতার চাপ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিতে বাংলাদেশের বাজার হিস্যা সামান্য কমেছে। ২০২৫ সালের প্রথম ৯ মাসে দেশটির মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ ছিল ১০ দশমিক ৯৯ শতাংশ। চলতি বছরের একই সময়ে তা কমে ১০ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ বছরের ব্যবধানে বাংলাদেশের বাজার হিস্যা কমেছে শূন্য দশমিক ১৬ শতাংশীয় পয়েন্ট। ওটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ৯ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ দশমিক ৬১ মিলিয়ন স্কয়ার মিটার ইকুইভ্যালেন্ট (এসএমই), যা আগের বছরের একই সময়ে ছিল ২ হাজার ৭১ দশমিক ২৪ মিলিয়ন এসএমই। ফলে রপ্তানি কমেছে ৩ দশমিক ৬৫ শতাংশ। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি কমেছে ৮ দশমিক ১০ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পোশাকের গড় ইউনিট মূল্য বেড়েছে। গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে বিশ্ববাজার থেকে আমদানি করা প্রতি এসএমই পোশাকের গড় মূল্য ছিল ৩ দশমিক ১২ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ৩ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য কমেছে। ২০২৫ সালের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের গড় ইউনিট মূল্য ছিল ৩ দশমিক ১০ ডলার। চলতি বছরের একই সময়ে তা কমে ৩ দশমিক ০৭ ডলারে নেমেছে। অর্থাৎ এক বছরে বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য কমেছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। বর্তমানে বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য বৈশ্বিক গড়ের চেয়ে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কম। অথচ এক বছর আগেও বাংলাদেশের পোশাকের গড় মূল্য বৈশ্বিক গড়ের কাছাকাছি ছিল।

মাসভিত্তিক হিসাবেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ওঠানামা দেখা গেছে। চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই মাসের চেয়ে ১১ দশমিক ১৫ শতাংশ বেড়েছিল। তবে সেপ্টেম্বরে তা ৫ দশমিক ৫৭ শতাংশ কমে যায়। বাজার ধরে রাখতে নতুন বাজার খোঁজা, পণ্যে বৈচিত্র্য আনা, উৎপাদনশীলতা বাড়ানো এবং শ্রম ও পরিবেশমান উন্নত করা জরুরি। সরকারের নীতিগত সহায়তাও প্রয়োজন। বন্দর ও জট কমানো, জ্বালানি সরবরাহ, ঋণপ্রাপ্তি এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করলে উৎপাদন ব্যয় কমতে পারে। কারখানাগুলোকে পণ্য সরবরাহ ও মান বজায় রাখতে হবে এবং ক্রেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাও প্রয়োজন।