চলতি নভেম্বর মাসের প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। এই সময়ের মধ্যে দেশে ১১৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলারের বিনিময় হার ১২৪ টাকা ধরে হিসাব করলে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৪ হাজার ১২ কোটি টাকা। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম আট দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ৪৯ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত সামগ্রিক রেমিট্যান্স প্রবাহের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ১৫ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।

