ঢাবিতে ককটেল বিস্ফোরণ, হাতেনাতে আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রবিবার সন্ধ্যায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর দুজনকে সন্দেহজনকভাবে পালিয়ে যেতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মেট্রোরেল-সংলগ্ন এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে আটক করেন। আটকের পর উপস্থিত লোকজন তাদের মারধর করেন এবং পরবর্তীতে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানা গেছে। তবে এই বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আটককৃত দুই ব্যক্তির পরিচয় সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় টিএসসিতে এই ঘটনা ঘটে।