কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রোববার (৮ নভেম্বর) দুপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী এক শিশুসহ মোট দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় নারী ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশন এলাকায়। চকরিয়া থেকে টমটমে করে উত্তর হারবাং যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমটির সংঘর্ষ হয়। এতে টমটমচালক জাফর আলমসহ পাঁচজন গুরুতর আহত হন। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন। নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে শিশু আরহামের মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), খালা উর্মী আক্তার, তিন বছর বয়সী বোন আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় আরেকটি পৃথক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে। নিহতের ছেলে আবদুল আজিজ জানান, সৌদি আরবপ্রবাসী তার বাবা তিন মাস আগে দেশে ফিরেছিলেন। রোববার সকালে মোটরসাইকেল নিয়ে চকরিয়ায় বন্ধুর বাড়িতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহতের ভাগিনা সাংবাদিক ইলিয়াস আরমান জানান, ধারণা করা হচ্ছে কোনো দ্রুতগতির যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে গেছে। গুরুতর আহত অবস্থায় মাহবুবুর রহমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম দুটি দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।