শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলগুলোতে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং জনসাধারণের জানমাল রক্ষার স্বার্থে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে বিজিবির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুরসহ গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের শিমরাইল, কাঁচপুর, চাষাঢ়া, বিসিক শিল্পনগরী, জালকুড়ি ও শিবু মার্কেট এলাকায় সীমান্তরক্ষী বাহিনীটির সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুরের শিল্প এলাকাগুলোতেও সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। শিল্প এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে ও জানমালের সুরক্ষা নিশ্চিতে এ মোতায়েন ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।