কুয়াকাটায় ভ্যান উল্টে স্যার সলিমুল্লাহ মেডিকেলের নারী চিকিৎসকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণের সময় ইঞ্জিনচালিত থ্রি-হুইলার উল্টে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা ৪২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় নাবিলার সফরসঙ্গী চিকিৎসক মাইনুল ইসলাম শুভ আহত হয়েছেন, যিনি নিজেকে নিহতের স্বামী বলে পরিচয় দিয়েছেন। তিনি ঢাকার পিজি হাসপাতালে কর্মরত আছেন। দুর্ঘটনায় শোকাহত মাইনুল জানান, ঢাকা থেকে শুক্রবার কুয়াকাটায় বেড়াতে এসে তারা ওশান ভিউ হোটেলে ওঠেন। শনিবার বিকেলে ইঞ্জিনচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দর্শনে বের হন তারা। পথের মধ্যে হঠাৎ একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভ্যানটি উল্টে গিয়ে তাদের সঙ্গে থাকা আরও দুই পর্যটকসহ সবাই ছিটকে পড়েন।

উল্টে যাওয়া ভ্যানের নিচে নাবিলার মাথা চাপা পড়লে তিনি গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন বলে জানান আহত মাইনুল ইসলাম শুভ।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আহত ব্যক্তি নিহতের স্বামী হিসেবে পরিচয় দিলেও বিষয়টি পুলিশ যাচাই করে দেখছে। এই ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।