শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ওই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে এবং ভারুয়া বাজার জামে মসজিদের বর্তমান সভাপতি ছিলেন। এছাড়া তিনি নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে সালেহ আহমেদ ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন। তবে তার এই দায়িত্ব গ্রহণ নিয়ে একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তার সহযোগীরা আপত্তি জানিয়ে আসছিলেন। আজ শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এই বিরোধ নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি তোলেন। এর জেরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে মতিনের লোকজন সালেহ আহমেদের ওপর হামলা চালান।
হামলার শিকার হয়ে সালেহ আহমেদ মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

